দেশের জনগণের প্রতি বিএনপি আস্থাশীল : রায়হান

স্টাফ রির্পোটার: “জনগণ আমাদের অনুপ্রেরণা, এ দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক। জনগণ যতবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে।” সোমবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান-বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
জেলা বিএনপির নেতা রায়হান বলেন,“বিএনপি কখনো জনগণের ওপর থেকে আস্থা হারায়নি। জনগণ সবসময় আমাদের পাশে থেকেছে, কারণ তারা জানে বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার রাজনীতি করে। আমরা বিশ্বাস করি— জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। যে শক্তি দিয়ে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব।”
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান আরও বলেন,“পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। গত ১৭ বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি বিশ্বাস করে— জনগণই দেশের আসল মালিক। তাদের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়েই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।”
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন,“বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষকরাই দেশের প্রধান চালিকাশক্তি। তারা উৎপাদন করে বলে আমরা বেঁচে আছি। কিন্তু এই পরিশ্রমী কৃষকরা আজ প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। প্রাকৃতিক দুর্যোগ ও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিএনপির ৩১ দফা রূপরেখায় কৃষকদের পাশে দাঁড়ানোর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে— যাতে উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়।”
বিএনপির নেতা রায়হান আরও যোগ করেন, “একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের পথ খুলে দিতে। সেই নির্বাচনে জনগণ যাদের ওপর আস্থা রাখবে, তারাই জনগণের কল্যাণে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা জনগণের জীবনমান উন্নয়ন ও দেশের সার্বিক অগ্রগতির জন্য একটি বাস্তবসম্মত দিকনির্দেশনা।”
আলোচনা সভা শেষে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মুনসুর রহমান। সঞ্চালনা করেন হরিয়ান ইউনিয়ন বিএনপির নেতা জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। এছাড়া বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হোসেন, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা এবং নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম। সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫ | সময়: ৩:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর