, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা’-এর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ অক্টোবর সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিতর্কের বিষয় ছিল ‘উচ্চশিক্ষা নয়, একমাত্র কারিগরি শিক্ষাই পারে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত উপস্থাপনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আযহার আলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তিকে বিকশিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ. কে. এস রোকন ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন।