সর্বশেষ সংবাদ :

তিন দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ: উপদেষ্টা

সানশাইন ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সূচি গড়বড়ের কারণে আগামী তিন দিনের সব ‘নন শিডিউলড’ ফ্লাইটের সব খরচ মওকুফ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন পুরো কমপ্লেক্সেই ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। আভ্যন্তরীণ এবং বিদেশ থেকে যেসব ফ্লাইট ঢাকায় নামার কথা, সেগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে যেতে বলা হয়। আগুন নিয়ন্ত্রণে এনে ফ্লাইট চলাচল শুরু করতে রাত ৯টা বেজে যায়।
উপদেষ্টা বলেন, “প্রায় ২১টার মত ফ্লাইট ডাইভার্ট ও ক্যান্সেল করতে হয়েছিল। যাত্রী সাধারণের কষ্ট লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি। যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউলড ফ্লাইট আসবে, তার সমস্ত খরচ আমরা মওকুফ করে দেব। “তাছাড়া, যাত্রীদের খাওয়া দাওয়া, সেবার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তবে আমাদের প্রচেষ্টার পরেও কিছু ব্যত্যয় থেকে যেতে পারে, কারণ একত্রিতভাবে আমাদের অনেকগুলো ইস্যু হ্যান্ডেল করতে হচ্ছে। যাত্রী সাধারণরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার আমরা চেষ্টা করছি। এছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি।” পরবর্তী করণীর নির্ধারণে রোববার বেলা সাড়ে ৩টায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।


প্রকাশিত: October 20, 2025 | সময়: 2:11 am | সুমন শেখ

আরও খবর