, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের ২৫ দিন পর তিন খন্ডে বিভক্ত করা যুবক সাদেক হাসান সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৮ অক্টোবর দুপুরে উপজেলার মিরপুর গ্রামের একটি ডোবার পাশের বিএমডিএর সেচ পাইপের ভেতর থেকে মাথাটি উদ্ধার করা হয়। দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকার পাড়া গ্রামের মৃত সউদ সরকারের ছেলে সাদেক হাসান সবুজ (২৮) গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এরপর তার বড় ভাই সাব্বির হোসেন গত ২৪ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় এ ব্যাপারে একটি জিডি করেন।
জিডির দুদিন পর, ২৫ সেপ্টেম্বর পাশের মিরপুর গ্রামের একটি ডোবা থেকে দ্বিখন্ডিত মস্তক বিহীন একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা লাশটি সাদেক হাসান সবুজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত শেষে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার ৬ নম্বর আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিন খন্ড লাশের নিখোঁজ থাকা মাথাটি উদ্ধারে সক্ষম হয় পুলিশ।
এসপি মারুফাত হুসাইন বলেন, আসামি আব্দুল হামিদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর গ্রামের ডোবার পাশে বিএমডিএর সেচ পাইপের ভেতর থেকে নিহত সবুজের মাথাটি উদ্ধার করা হয়। এরপর তার দেখানো স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল ও হাসুয়া উদ্ধার করে পুলিশ।