, , ।
স্টাফ রিপোর্টার: আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ উপলক্ষে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের পূর্বদিন হতে নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৫ অক্টোবর রাত্রি ১২টা ১মিনিট হতে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত তিনদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও তৎসংলগ্ন এলাকার চতুর্দিকে দুইশ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকর্মী এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।