সর্বশেষ সংবাদ :

এনসিপি তালিকা থেকে প্রতীক না নিলে ইসিই বরাদ্দ দেবে

সানশাইন ডেস্ক: নির্ধারিত তালিকা থেকে প্রতীক পছন্দ করতে আবারও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে বলেছেন, এনসিপি আগামী রোববারের মধ্যে নির্বাচন পরিচালনা বিধির তফসিলে থাকা তালিকা থেকে প্রতীক বাছাই করে জানাতে ব্যর্থ হলে ইসি ‘নিজস্ব পদ্ধতিতে’ এনসিপিকে মার্কা বরাদ্দ দেবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সমনে রখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দল দুটির প্রতীকসহ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীক থেকে ৭ অক্টোবরের মধ্যে মার্কা বেছে নিতে চিঠি দেয় ইসি। নির্ধারিত সময়ে এনসিপি পছন্দের প্রতীক বাছাই না করে বিধি সংশোধন করে ফের শাপলা বরাদ্দের দাবি জানায়। কিন্তু ইসি কাউকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করলে ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “এনসিপি শাপলা দাবি করলেও প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই। “কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই। ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে তালিকা থেকে প্রতীক বাছাই করে জানাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে না জানালে ইসি স্বীয় পদ্ধতিতে দলটিকে প্রতীক বরাদ্দ দেবে।”
এনসিপি শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। এই অবস্থায় ইসি নিজস্ব উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দিলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে কিনা-এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “এটা তাদের ব্যাপার। এটা সময়ের ব্যাপার, সময়ে দেখা যাবে।” এনসিপি তালিকা থেকে প্রতীক না নিলে ইসি ‘নিজস্ব’ কী পদ্ধতিতে মার্কা বরাদ্দ দেবে, তা ব্যাখ্যা করেননি সচিব।
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে দলের প্রতীক বরাদ্দের বিষয়ে তখনকার বিচারপতি আব্দুর রউফ কমিশন পাঁচটি নীতি অনুসরণ করে। ১৯৭৯ সালে এবং তার পরে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের অনুকূলে বরাদ্দ প্রতীক যথাসম্ভব বহাল থাকবে। রাজনৈতিক দলের অতীত ও বর্তমান সদস্য সংখ্যা, ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ, ফলাফল বিবেচনায় থাকবে। যেসব রাজনৈতিক দল শুধু বিশেষ একটি প্রতীকের জন্য আবেদন করবে তা সে দলের অনুকূলে সংরক্ষণ করা হবে।
একই প্রতীকের জন্য একাধিক রাজনৈতিক দল দাবিদার হলে তাদের সমঝোতার অনুরোধ করা হবে। ব্যর্থ হলে কমিশন প্রতীক বরাদ্দের বিষয়ে স্বীয় পদ্ধতি অবলম্বন করবে। প্রয়োজনে লটারি হবে। যেসব রাজনৈতিক দল প্রতীক বরাদ্দের বিষয়ে একাধিক পছন্দ থাকবে, তাদের পছন্দ যথা-সম্ভব বিবেচনায় রাখবে ইসি।
দুটি দলের বাইরে আরও ১২টি দলের নিবন্ধনের তথ্য পুনরায় যাচাইয়ের কাজ চলছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান চলছে। আগামী সপ্তাহে এসব দলের মধ্যে কে নিবন্ধন পাচ্ছে তা চূড়ান্ত করা হবে।” ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ১৪৩টি দল আবেদন করেছে, এর মধ্যে ১২১টি দল বাদ পড়েছে। সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কাজ চূড়ান্ত হওয়ার কথা থাকলেও কর্মপরিকল্পনা থেকে অন্তত দুই সপ্তাহ পিছিয়ে পড়েছে ইসি।


প্রকাশিত: October 15, 2025 | সময়: 7:09 am | সুমন শেখ

আরও খবর