, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। দলের সাম্প্রতিক কর্মকান্ড ও অবস্থান নিয়ে তাঁর নিজের অসন্তোষের কথা পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন। তার এই পদত্যাগ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়ে দলের অবস্থান তাঁর ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন।
তিনি লেখেন, আমি আশা করেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, এনসিপি যেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে স¤পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছি।
এ ব্যাপারে ফোনে ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন মর্মে নিশ্চিত করে বলেন, পদত্যাগ করার বিষয়ে পদত্যাগপত্রে বিস্তারিত কারণ লেখা আছে।
এ ব্যাপারে এনসিপির জয়পুরহাট জেলার যুগ্ম-সমন্বয়ক ওমর আলী বাবু বলেন, এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন বলে আমি শুনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পদত্যাগ পত্রটি দেখেছি।