বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে যে কোন সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘস ঘটার আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তানোর পৌরসভার এলাকার আমশো তানোর স্বাস্থ্য কেন্দ্রের পাশে। এবিষয়ে রবিবার তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের মৃদুল কুমার ঘোষ বাদি হয়ে আব্দুল সালামকে অভিযুক্ত করেন তানোর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার আমশো মৌজার জেএল নং ১৪০, খতিয়ান নং ১২৬৯, দাগ নং আরএস ৫৪, জায়গার পরিমান .০২৫০ একর ধানী জমি। গত ২০২২ সালে গোল্লাপাড়া গ্রামের মৃদুল কুমার ঘোষ ওই জমি ক্রয় করে সেই থেকে তিনি ভোগ দখল করে আসছেন। তিনি তার সিমানা তারকাটা দিয়ে ধিরে রেখেছেন। সেই তারকাটা ভেঙ্গে সালাম ও তার লোকজন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।
তানোর পৌর সভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল খালেক বলেন, কয়েক বছর আগে মৃদুল ওই জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। প্রতিপক্ষরা ওই জমির হাফ শতকের মালিক। হঠাৎ করে সালাম ও তার লোকজন জোরপূর্বক মৃদুলের জমির কিছু অংশ দখল করে নিয়েছে। প্রতিপক্ষের লোকজন মৃদুলের সঙ্গে মারমুখি আচরণ করছেন। এলাকার সবাই জানে ওই জমির ক্রয়সূত্রে মালিক মৃদুল ঘোষ। মৃদুলের সঙ্গে অন্যায় ভাবে আচরণ করছে প্রতিপক্ষের লোকজন।
মৃদুল কুমার ঘোষ বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন বলে প্রতিনিয়ত আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। নিরুপাই হয়ে আমি থানা পুলিশের আশ্রয় নিয়েছি। জমি বিক্রয়ের পর তারা আমার সঙ্গে একের পর এক ঝামেলা করছে। আমির এর সঠিক বিচার চাই।
তানোর থানা এসআই মাসুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষ জমির দাবি করছেন। জমির কাগজপত্র নিয়ে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।