, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরুচোর সন্দেহ করে অপবাদ দেন নিহত আয়েশা বেগমের ছেলে সালাম হোসেন। শুক্রবার রাতে সালাম ও তার ভাই পিন্টু স্থানীয় বারেক আলীর চায়ের দোকানে চা খাওয়ার সময় গরু চুরি সংক্রান্ত বিষয়ে আতিয়ার রহমানের ছেলে সুমন আলীর (৩২) সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মারামারি বেঁধে গেলে আয়েশা বেগম তার দুই ছেলেকে রক্ষার জন্য এগিয়ে গেলে সুমনের লাঠির আঘাতে আয়েশা বেগম গুরুতর আহত হয়।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমারের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স. ম আব্দুন নূর জানান, নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।