, , ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে চাঁদাবাজি, দখলবাজি ও টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের পূনর্বাসনের অভিযোগ তুলে বিএনপির একপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির অপরপক্ষের নেতারা।
বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর সদরে সর্বস্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়। সিংগা হাট মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আয়নাল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোল্লা হাসান ফারুক ইমাম সুমন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক সভাপতি বজলুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য ও বিগত পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী জার্সিস হোসেন সোহেল ও বিএনপি নেতা গোলাম মোর্তুজা।
জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মাসুম, মোহাম্মদ রেন্টু, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাহমুদ হাসান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ও পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলেক, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহম্মেদ পলাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব হাসান, যুগ্ম-আহ্বায়ক ফায়সাল আহমেদ শান্ত ও সদস্য সাগর আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে কয়েক শতাধিক নেতাকর্মী দলীয় পতাকা হাতে অংশ নেন।