সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে অনুমোদনহীন আইসক্রিম কারখানার জরিমানা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের গুণগত মানসনদ না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় নগরের মোল্লাপাড়া এলাকার ‘ডলফিন আইসক্রিম ফ্যাক্টরি’কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার বিষয়টিও অভিযোগ হিসেবে গৃহীত হয়।
একই এলাকায় ‘সততা পাকঘর’ নামের এক প্রতিষ্ঠান বিএসটিআইয়ের মানসনদ না নিয়েই ‘আচার’ পণ্য উৎপাদন করছিল। প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বিক্রি ও বাজারজাতকরণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে।


প্রকাশিত: October 8, 2025 | সময়: 6:54 am | সুমন শেখ