, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটো রিক্সার চালক সহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন, বড়াইগ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এমএলএসএস আনসার আলী (৬২), জেলার লালপুর উপজেলার ধলা গ্রামের ইদু প্রামাণিকের ছেলে অটো রিক্সা চালক মুনছের প্রামাণিক (৭০) ও একই গ্রামের নওফেল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৬)।
আহতদের মধ্যে আনসার আলীর স্ত্রী রাশিদা বেগম (৫৫), বড় ছেলে রানা আহম্মেদ (৩৮) ও ছোট ছেলে রাসেল (২৩) কে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা দুইটার দিকে আনসার আলী তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে অটোরিক্সায় মানিকপুর গ্রামে বিয়াই বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে গুনাইহাটী মসজিদের সামনে অটোরিক্সাটি সাইড পরিবর্তন করে ডানের ফিডার সড়কের দিকে যাচ্ছিল।
এ সময় নাটোর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-৪৫১৪) পেছন থেকে অটো রিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিক্সার চালকসহ তিনজন নিহত হন। পরে স্থানীয়রা আনসার আলীর স্ত্রী ও দুই ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ জানান খবর পেয়ে পুলিশ রাজাপুর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।