সর্বশেষ সংবাদ :

পানি জমানো মাদ্রাসায় বালি ফেলে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার, বাঘা: অতিরিক্ত বৃষ্টির কারণে রাজশাহীর বাঘা উপজেলার রিয়াজুল জান্নাত মাদ্রাসা মাঠ দখল করে ছিলো থৈ-থৈ পানি। এ অবস্থায় চলছিল পাঠদান। কখনো-কখনো সেই পানির উপরে হাঁস ভাঁসতে লক্ষ্য করা গেছে। তবে শেষ পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে সেই মাঠে বালি ফেলে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালেন জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন আহমেদ ওরফে শামীম সরকার।
রিয়াজুল জান্নাত মাদ্রাসার অবস্থান বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে। গত কয়েক দিন যাবত ক্রমাগত বৃষ্টির কারণে সেখানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা উপেক্ষা করে ক্ষুদে শিক্ষার্থীরা পাঠদানের উদ্দেশ্যে নিয়মিত মাদ্রাসায় আসছিল। তবে জুতা-সেন্ডেল বিহীন খালি পায়ে। নিরুপায় হয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের কাছে। ঘটনাটি শুনে বিষয়টি আমলে নেন আবু সাঈদ চাঁদ। তিনি তাৎক্ষণাত বাঘার কৃতি সন্তান ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ ওরপে শামীম সরকারকে উক্ত সমস্যাটি নিরসনের দায়িত্ব দেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম জানান, আমি সহ কয়েকজন শিক্ষক সোমবার বিকেলে চারঘাট-বাঘা থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সাঈদ চাঁদ সাহেবের বাসায় গিয়ে মাদ্রাসার অবস্থান ও সমস্যার কথা জানালে তিনি তাৎক্ষণাত শামিম সরকারকে ফোন দিয়ে মাঠে বালি ফেলার নির্দেশ দেন। সেই মর্মে সকাল থেকে মাঠে বালি ফেলানোর কাজ শুরু হয়েছে। এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়েছে আমাদের শিক্ষার্থীরা। সেই সাথে আমরাও ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদ ভাইয়ের প্রতি।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ ওরপে শামীম সরকার বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। শুধু মাদ্রাসা নয়, যে এলাকাতেই জলাবদ্ধতা সহ কোন-না কোন সমস্যার কথা শুনছি, সেখানে গিয়েই আমরা মানুষের কষ্ট নিরসনে সেই সমস্যার সমাধান করছি।
তিনি বলেন, আমরা গত দুদিন আগে বন্যার কারণে বাঘার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ একটি ভাঙ্গা রাস্তা মেরামত করে দিয়েছি। এটা আমাদের তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশ। আমরা সেই আলোকে মাঠ পর্যায় জনকল্যানমুখী কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছি।


প্রকাশিত: October 7, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ