সর্বশেষ সংবাদ :

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ শহরের বিজিবি ব্রিজ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেল ৩টার দিকে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউল সারোওয়ার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪৫)। তাঁর বাড়ি দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার উত্তর আটরাই গ্রামে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, শনিবার রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল শহরের বিজিবি ব্রিজ এলাকায় তদন্ত চৌকি (চেকপোস্ট) বসায়। রাত ২টা ১৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল পুলিশের চেক পোস্ট অতিক্রম করার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে থামতে নির্দেশ করে।
কিন্তু মোটরসাইকেলটি পুলিশের নির্দেশ অমান্য করে বিজিবি ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। তিনজন মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় অ্যাপাচি ব্র্যান্ডের লাল রংয়ের একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
শফিউল সারোওয়ার আরও বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হাবিবুর রহমান আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজিপুর ও ঢাকায় ডাকাতি, চুরি, মাদক ও খুনের পাঁচটি মামলা রয়েছে।
নওগাঁর জেলার একটি অপরাধী চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।


প্রকাশিত: October 7, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ