, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এনামুল হক নামে এক ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন তার বহিষ্কারাদেশের অনুমোদন দেন। বহিষ্কৃত এনামুল হক বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বড়াইগ্রাম পৌরসভার গোয়ালিফা মহল্লার আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, সম্প্রতি ছাত্রদল নেতা এনামুল হক মৌখাড়া বাজারে বড়াল নদীর ধারে অপর একজনের সঙ্গে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় বিষয়টি কে বা কারা ভিডিও করে। পরে এটি বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। দ্রুত এটি অসংখ্য মানুষ শেয়ার করায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে সাধারণ লোকজনের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। অনেকেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে এমন একজন মাদকসেবীকে স্থান নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে তারা ওই নেতাকে বহিষ্কার করেন।
রোববার সন্ধ্যায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তার সঙ্গে কোন রুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, ছাত্রদলের কোন নেতাকর্মীর মাদকসেবনের কোন সুযোগ নেই। এনামুল হকের এহেন কর্মকান্ডে দলের ইমেজ ক্ষুন্ন হয়েছে। তাই বিষয়টি জানার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে জেলা ছাত্রদল তাকে বহিষ্কার করেছে।