সর্বশেষ সংবাদ :

মামলা এন্ট্রির বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা নেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী মিলটন এ অভিযোগ করেছেন।
রুস্তম আলীর দাবি, গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষরা তার ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরদিন সকালে তিনি থানায় গিয়ে দুইজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার পরদিন ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি থানায় গেলে, ওসি মোস্তাফিজুর রহমান মামলা এন্ট্রি ও আসামি গ্রেপ্তারের শর্তে তার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
ঘুষ দিতে রাজি না হওয়ায় তাকে হয়রানি করা হয় বলে দাবি রুস্তম আলীর। বিষয়টি নিয়ে তিনি নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। সেইসঙ্গে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আগুনে পুড়ে যাওয়া ঘটনার আইনানুগ তদন্ত দাবি করেছেন তিনি।
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘুষ চাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযোগটি পেয়েছেন এবং তা তদন্তের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


প্রকাশিত: October 5, 2025 | সময়: 4:32 am | সুমন শেখ