, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন সাবেক আনসার ভিডিপির কমান্ডার আবুল কালাম আজাদ (৬১)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ পৌর এলাকার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের পুত্র। তিনি ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন।
জানা যায়, কিছুদিন পূর্বে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজা মণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে তিনি অনুরোধ করেন, যেন শেষবারের মতো তাকে পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্ব দিয়েছিলাম। দুঃখজনক ভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করলেন।