বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হজরত আলী সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মজিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।
প্রধান অতিথির বক্তব্যে ইসফা খায়রুল হক শিমুল বক্তব্যে বলেন, ‘আমি যদি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এ অঞ্চলের মানুষের জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এলাকার মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা দরকার তার সর্বোচ্চটা করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে অনেকেই জনগণ থেকে দূরে সরে যান। আমি যেন তেমন না হই বরং বর্তমানে যেমন আছি তেমনি আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে বৈঠক, আলোচনা ও চলার সুযোগ যেন সবসময় পাই।’
এসময় সন্ত্রাস ও অনৈতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘সন্ত্রাসের কারণে উপজেলা বা থানা পর্যায়ে স্বাভাবিক চলাচল করা যায় না। সুষ্ঠুভাবে কোনো কিছু বণ্টনও সম্ভব হয় না। তাই সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু।
এছাড়াও বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়ে বক্তব্য রাখেন।