সর্বশেষ সংবাদ :

রবিনসনের প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি করলেন। সেটাও দলের চরম বিপদের মুখে। কিন্তু ২৩ বছর বয়সী টিম রবিনসন শেষ হাসি হাসতে পারলেন না। মিচেল মার্শের ৮৫ রানের ঝড়ে বিফলে গেলো রবিনসনের শতরান।
মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না নিউজিল্যান্ড। অসিরা ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ২১ বল হাতে রেখে। টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রথমেই বিপদে পড়ে কিউইরা। সেখান থেকে টিম রবিনসনের দুর্দান্ত লড়াকু সেঞ্চুরি। ৬৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন রবিনসন। ড্যারিল মিচেল ২৩ বলে ৩৪, বেভন জ্যাকবস ২১ বলে ২০ রান করেন। অস্ট্রেলিয়ার বেন ডোয়ারসুইশ ৪০ রানে ২ উইকেট নেন।
জবাবে ৩৩ বলে ৫৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দেন মিচেল মার্শ আর ট্রাভিস হেড। ১৮ বলে ৩১ করে আউট হন হেড। দ্বিতীয় উইকেটে ম্যাথিউ শর্টকে নিয়ে ৩৪ বলে ৬৮ রানের আরেকটি ম্যাচ বের করা জুটি গড়েন মার্শ। ১৮ বলে ২৯ করে ফেরেন শর্ট। ৪৩ বলে ৯ চার আর ৫ ছক্কায় মার্শ যখন সাজঘরে ফিরছেন, তখন অস্ট্রেলিয়ার জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। বাকি দায়িত্বটুকু সারেন টিম ডেভিড। ১২ বলে ১ চার আর ২ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৪৩ রান খরচায় নেন ২টি উইকেট।


প্রকাশিত: October 2, 2025 | সময়: 6:01 am | সুমন শেখ