, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ, জাতীয় যক্ষ্মা প্রতিরোধ সমিতি (নাটাব) রাজশাহী শাখার সভাপতি, রাজশাহী হার্ট ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবং সুপরিচিত আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম রব্বানী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অ্যাডভোকেট গোলাম রব্বানী ছিলেন রাজশাহীর একজন সৎ, ধার্মিক ও নীতিবান ব্যক্তি। দীর্ঘ কর্মজীবনে তিনি আইন পেশার পাশাপাশি সমাজসেবা, দাতব্য কর্মকাণ্ড ও জনস্বাস্থ্যের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ডায়াবেটিক এসোসিয়েশন, নাটাব ও হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। তিনি তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর আইনজীবী সমাজ, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদ জোহর নগরীর সিএন্ডবি মোড় এলাকার মনিবাজার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মরদেহ মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা দোয়া প্রার্থনা করেছেন।