বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মনিরা খাতুন (১৫) নামের এক কিশোরী ও আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নামের অপর এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পাকশী-পাবনা মহাসড়কের সাহাপুর এলাকায় এবং সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় পৃথক এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। আর নিহত কিশোরী মনিরা খাতু সাহাপুর ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পাকশী-পাবনা মহাসড়কে একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মনিরা খাতুন নামের ওই কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে সকাল ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু লাল। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে লাশ উদ্ধার করে। আর শিশু লালকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।