বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে হারান সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর রেলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারান সরদার ওই এলাকার মৃত মোহাম্মদ আলী সরদার এর ছেলে।
নিহতের স্বজনেরা জানান, ভোর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পরে শরীরে জ্বালা যন্ত্রনায় বেড়ে যাওয়ায় তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায় স্বজনরা। সেখানে সুস্থ না হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপে কাটা রোগীর কোন চিকিৎসা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১০টার সময় চারঘাট নামক স্থানে তিনি তার মৃত্যু হয়।
এরপরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর।