ঈশ্বরদীতে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নাজমা বেগম (৫৭) নামের এক ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের দক্ষিণ পাড়া এলাকার নুরুল হক বাটুলের স্ত্রী। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সেই ঘটনার জের ধরেই বুধবার রাতে নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ নাজমা বেগম।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
ঘটনার প্রকৃত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫ | সময়: ১২:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ