বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: দৈনিক সানশাইনে সচিত্র সংবাদ প্রকাশের পর নাটোরের বড়াইগ্রামে ইউএনও’র তৎপরতায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে পানিবন্দি দুই শ’ পরিবার। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস নিজে উপজেলার রোলভা গ্রামে গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। ফলে এক মাস ধরে সৃষ্ট জলাবদ্ধতার দুঃসহ ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে ওই গ্রামের সহস্রাধিক মানুষ। একই সঙ্গে তিনি সেখানে ইউড্রেন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন। মঙ্গলবার সরেজমিনে গেলে গ্রামের ভূক্তভোগী বাসিন্দারা এ প্রতিবেদকের মাধ্যমে ইউএনওসহ সানশাইন কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, রোলভা গ্রামের রাস্তা পাকা করার সময় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বর্ষায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কমপক্ষে দুই শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এ ব্যাপারে সানশাইনে ‘বড়াইগ্রামে জলাবদ্ধতায় দুশ পরিবার পানিবন্দি, রান্নাবান্না বন্ধ দুর্ভোগ চরমে’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের দৃষ্টিগোচর হলে তিনি সোমবার বিকালে নিজে ওই গ্রামে যান। এ সময় তিনি গ্রামের তিনটি পয়েন্টে প্রায় একশ’ ফুট দীর্ঘ পাইপ বসানোর ব্যবস্থা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাইপ বসানোর পর থেকে দ্রুত পানি নেমে যাচ্ছে। ইতোমধ্যেই অধিকাংশ বাড়ির উঠান ও ঘরের মেঝে থেকে পানি নেমে গেছে। আর একদিনের মধ্যেই গ্রামের ভেতরের রাস্তাঘাটসহ ডুবে যাওয়া জমিও জেগে উঠবে।
এ সময় ওই ভূক্তভোগী ফরিদুল ইসলাম ‘প্রায় এক মাস ধরে ঘর ছাড়া। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনও মহোদয় নিজে এসে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এতে পানি নিষ্কাশন হওয়ায় খুব দ্রুতই নিজ বাড়িতে ফিরতে পারবো বলে আশা করছি।
স্থানীয় ব্যবসায়ী মজনু শাহ বলেন, পুরো একটি মাস ধরে আমরা যে কি দুর্ভোগে ছিলাম তা বোঝাতে পারবো না। ইউএনও ম্যাডাম আমাদের কত বড় উপকার করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটি ইউড্রেনের ব্যবস্থা করে দিলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সানশাইনে সংবাদ দেখার পরই বিষয়টি সমাধানের উদ্যোগ নিই। পরে নিজেই ঘটনাস্থলে গিয়েছি। পানি নেমে যাওয়ায় মানুষের উচ্ছাস আমাকে অনুপ্রাণিত করেছে। পানি নিষ্কাশনের পর খুব দ্রুত আমরা সেখানে ইউড্রেন নির্মাণ করে দেবো, যাতে ভবিষ্যতে আর জলাবদ্ধতা না হয়।