, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে এবার ২২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব পূজামণ্ডপ সার্বক্ষণিক নজরে রাখতে সিসি ক্যামেরা স্থাপন করবে জামায়াতে ইসলামী। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামির আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল জিএম আব্দুল আউয়াল। প্রস্তুতিমূলক সভাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) ও সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আর.কে রতন সহ হিন্দু ধর্মাবলম্বীরা।
এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।