, , ।
স্টাফ রিপোর্টার: “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এদেশের জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি বরদাশত করবে না।”এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মতবিনিময় সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রচারের অংশ হিসেবে সংক্ষিপ্ত পথসভা শেষে লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য রায়হান বলেন,“গত ১৭ বছরে পলাতক স্বৈরাচার আওয়ামী সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক কাঠামো সংস্কার করে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে। বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তির ওপরে ভর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতিকে এগিয়ে নেওয়ার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।”
তিনি বলেন,“জনগণই বিএনপির শক্তি, জনগণই গণতন্ত্রের রক্ষক। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।”
সভায় পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। সভা পরিচালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তাকিম রহমান মোস্তাক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব গাজিউর রহমান, নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম ও উপজেলা প্রজন্ম একাত্তর দলের সদস্য সচিব শুকুর আলী। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে হবে।