, , ।
স্পোর্টস রিপোর্টার: এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে রাজশাহী ও বগুড়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারছে না।
সারাদেশে বয়ে চলা বৈরী আবাহওয়ার কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বগুড়া ও রাজশাহী ভেন্যু দিয়ে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তবে সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে তিনদিনে মাত্র একটি ম্যাচ মাঠে গড়িয়েছে, তাও মাত্র ৫ ওভারের ম্যাচ।
টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে গত ১৪ সেপ্টেম্বর বৃষ্টির কারণে বগুড়ায় একটা বলও মাঠে গড়াতে পারেনি। অন্যদিকে ওই দিন রাজশাহীর ম্যাচ ২০ ওভারের পরিবর্তে ৫ ওভারে নামিয়ে আনা হয়। ওই দিন সকাল থেকেই রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আর এই কারণে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছিল। শেষ পর্যন্ত সকাল সাড়ে ৯ টার ম্যাচ বেলা পৌনে ১ টায় শুরু করা সম্ভব হয়। ম্যাচ হয় ৫ ওভারের।
এদিকে মুষলধারে বৃষ্টির কারণে বগুড়ার মাঠের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ায় সেখানকার ম্যাচগুলো সরিয়ে রাজশাহীতে আনা হয়। পরের দিন ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজশাহীর মাঠে
ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় একটি বলও মাঠে গড়াতে পারেনি। ম্যাচটি ছিল বগুড়া ভেন্যুর। কিন্তু বগুড়ায় মুষলধারে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বগুড়ার ম্যাচটি রাজশাহীতে সরিয়ে নেয়া হয়। কিন্ত বৃষ্টির কারণে রাজশাহীতেও ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি।
বেলা ২ টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচটিও হতে পারেনি। এটি ছিল রাজশাহী ভেন্যুর নির্ধারিত ম্যাচ। বিকেল ৪ টার দিকে টেকনিক্যাল কমিটির মাঠ পরিদর্শন করার সময় মাঠে উপস্থিত দর্শকদের মাঝে আশার সঞ্চার হয় যে অন্তত ৫ ওভার করে হলেও হয়তোবা ম্যাচ হবে। এ সময় পিচের কভার সরিয়ে নিলে তারা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি না হওয়ায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।
রাজশাহীর ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেমস জানান, পরবর্তীতে ম্যাচগুলো কখন, কোথায় অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। শুধু স্থগিত ঘোষণা করা হয়েছে।