বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া রেলগেট এলাকায় গেটম্যান আত্মহত্যার হাত থেকে রক্ষা করলেন এক গৃহবধূকে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে আত্মহত্যার পথ বেছে নেয় গৃহবধূটি।
রবিবার সকাল ১১’টায় ঘটনাটি ঘটে আটাপাড়া রেলগেটের অদূরে। গৃহবধূকে উদ্ধার করে গেটম্যানের ঘরে রেখে পুলিশে খবর দেন। গৃহবধূর আত্মহত্যার চেষ্টার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পন্ডিতপুর গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাবরিনা আফরোজ শেফার সঙ্গে ইতিপূর্বে বিয়ে হয় উপজেলার ধরঞ্জী ইউপির রতনপুর (জোড়পুকুর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদুর রহমানের সঙ্গে। কিছুদিন ঘর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর শেফা ঢাকায় গার্মেন্টসে চাকরি নেয় এসময় মাসুদুর ফোনে তার সাথে যোগাযোগ করে অবৈধ মিলা মেশাও করে আবারো বিয়ে করার ছলনায়।
দীর্ঘদিন মাসুদুর শেফার সঙ্গে যোগাযোগ বন্ধ করলে শনিবার রাতে স্বামীর দাবিতে মাসুদুরের বাড়িতে আসে। এসময় মাসুদুর ও তার পরিবারের লোকজন তাকে মেনে নেয় না। রবিবার সকালে স্বামী ও শাশুড়ি মিলে মারপিট করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাগের বশবর্তী হয়ে ট্রেনে কেটে আত্মহত্যা করার চেষ্টা করে সে।
পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার নূরুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গৃহবধূটি কেন আত্মহত্যার পথ বেছে নেয় কারণ উদ্ঘাটনের তদন্ত করা হচ্ছে।