সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম নামে এক গৃহবধূ (৬০) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর মৌলভীপাড়া গ্রামে এ হত্যাকান্ড ঘটেছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর রাতে স্ত্রী রোকেয়ার সঙ্গে স্বামী জহির উদ্দীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে রোকেয়ার মাথায় কোপ দেয় জহির। এতে ঘটনাস্থলেই রোকেয়ার মৃত্যু হয়। সকালে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। রোকেয়াকে আগেও হত্যার চেষ্টা করত তার স্বামী।
জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, জহির ও রোকেয়ার দা¤পত্য জীবন চলছিল নানা বিরোধের মধ্য দিয়ে। এরুপ পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন।
সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জহিরকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: September 14, 2025 | সময়: 3:52 am | সুমন শেখ