সর্বশেষ সংবাদ :

বিদ্যালয়ের টয়লেটে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে সাত বছর বয়সী তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা বাদি হয়ে মামলাটি করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে তাকে আদালতের পাঠিয়েছে। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে।
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) হলেন আক্কেলপুর উপজেলার একটি গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে আগেও পুরুষ শিশুকে বলৎকার চেষ্টা ও নারীদের যৌন হয়রানী করার অভিযোগ আছে।
মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই কন্যা শিশুটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ে। সে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাতটা বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সকাল নয়টায় প্রাইভেট পড়া শেষ করে বিদ্যালয়ের টয়লেটে যায়। সে টয়লেট থেকে বের হওয়ার পর আতিকুর আবারও তাকে টয়লেটের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় শিশুটি চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুর রহমান দেখতে পেয়ে আটকে রাখেন। এনিয়ে গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আতিকুর রহমানের বিরুদ্ধ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তারর দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়েকে বিদ্যালয়ের টয়লেটের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করা হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আসামি আতিকুর আগেও একজন পুরুষ শিশুকে বলৎকারের চেষ্টা করেছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: September 13, 2025 | সময়: 6:23 am | সুমন শেখ