বানেশ্বরে গর্ভবতী গাভী জবাই, জনরোশে কসাই

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাই রিয়াজুল শেখের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
বাজারের ব্যবসায়ীরা জানান, কসাই রিয়াজুল আগে থেকেই অসুস্থ, পা ভাঙা বা মৃত গরু জবাই করে বিক্রি করতেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। বিগত সময়ে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ মুখ খুলতে সাহস পায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজগ্রাম এলাকার ফরমাল শেখের ছেলে রিয়াজুল একটি গাভী গরু জবাই করেন। কিছুক্ষণ পর দেখা যায়, গরুটির গর্ভে একটি বাছুর ছিল। ঘটনাটি ধামাচাপা দিতে তিনি সহযোগী রাজুকে দিয়ে পাশেই একটি গর্ত খুঁড়ে সেখানে বাছুরটি পুঁতে রাখেন।
স্থানীয়দের সন্দেহ হলে তারা রাজুকে জিজ্ঞেস করে। প্রথমে অস্বীকার করলেও পরে ভয়ে স্বীকার করে এবং বাছুরটি গর্ত থেকে উত্তোলন করা হয়। সঙ্গে সঙ্গে বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কসাইয়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী।
অভিযুক্ত কসাই রিয়াজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ সমর্থন করতাম, এ কারণেই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। ইউনিয়নের গ্রাম পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তার সিলও ছিল।’
তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করছে এবং মাংস পড়ে আছে। পরে সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।’
এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাজার কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মতিউর রহমান মতির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাজারের সচেতন নাগরিকরা এবং কসাই রিয়াজুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫ | সময়: ৩:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ