বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে এসে বড় চমক দেখাল বলিভিয়া। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্লে-অফ টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল তেরকোরেস।
২০১৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে ব্রাজিলকে হারাল বলিভিয়া। এ জয়ের ফলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্লে-অফ টুর্নামেন্টে অংশ নেবে তারা, যেখানে ছয়টি দল লড়াই করবে বিশ্বকাপের শেষ দুটি জায়গার জন্য। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
বলিভিয়ার মাঠ মানেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত দেশটির স্টেডিয়ামগুলোতে শ্বাসকষ্ট আর পরিবেশগত চাপে অনেক বড় দলও নাস্তানাবুদ হয়ে যায়। সে আতঙ্ক নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে এল আলতো স্টেডিয়ামে নামে ব্রাজিল। তবে ভয়ঙ্কর অভিজ্ঞতা না হলেও, হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। প্রথমার্ধের বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বলিভিয়ার দখলে। একাধিকবার ব্রাজিল গোলরক্ষক আলিসনকে পরীক্ষা দিতে হয়। আগের ম্যাচে চিলির বিপক্ষে খেলা কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার প্রভাবও স্পষ্ট ছিল ব্রাজিলের খেলায়। এর সঙ্গে উচ্চতার অস্বস্তি মিলে খেলার ছন্দই খুঁজে পাচ্ছিল না তারা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ব্রাজিলের ব্রুনো গিমারেস বক্সের ভেতরে বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন ভিএআর দেখার। অবশেষে ভিএআর দেখে মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
বিরতির পর আক্রমণে যাওয়ার চেষ্টা করে ব্রাজিল। কিন্তু কোনোভাবেই গোল আদায় করতে পারেনি। উল্টো বলিভিয়াও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বলিভিয়া, আর হতাশার সুর বাজে ব্রাজিল শিবিরে।