রাকসু নির্বাচন: ২৩ পদে লড়তে চান ২৬০ জন: প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম

স্টাফ রিপোর্টার: ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন, এজিএস পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের বিপরীতে মোট ২৬০টি মনোনয়নপত্র জমা পড়েছে। হল সংসদের ১৫ পদে ১৭টি আবাসিক হলের মধ্যে ১৬টি হলে ৫৫৮ জনের মনোনয়নপত্র জমা পড়ার তথ্য পাওয়া পাওয়া গেছে।
সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে দিনে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ৩৯৫টি মনোনয়নপত্র তোলা হলেও শেষ পর্যন্ত ১৩৫টি মনোনয়নপত্র জমা পড়েনি। আর ছেলেদের একটি হলের তথ্য দিতে পারেননি তিনি।
এদিন সন্ধ্যায় রাকসুর নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা হয়নি। রাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে বাকি পদগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন যথাক্রমে ক্রীড়া সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ৭ জন, নারী বিষয়ক সহকারী সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন এবং সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন।
এছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৮ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে হল সংসদের ১৫ পদে নির্বাচনে ১৭টি আবাসিক হলের মধ্যে ১৬টি হলে ৫৫৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছেলেদের ১১টি হলের মধ্যে শাহ মখদুম হলের তথ্য পাওয়া যায়নি। সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৮ জুলাই। এরপর বিভিন্ন সময় তফসিল সংশোধন করে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় রোববার নির্ধারণ করা হয়।
মনোনয়নপত্র বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল মিলবে।
এদিকে এই রাকসু নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নাঈমের প্রার্থিতা বিশেষভাবে শিক্ষার্থীদের নজর কেড়েছে।
নাঈম হাসান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। তিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশ-সংরক্ষণমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ আমার মূল দায়িত্ব হিসেবে দেখব। ক্যাম্পাসের সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ, ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে সমাজকল্যাণের বিষয়গুলো নিয়েও আমি আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল শিক্ষার্থী এবং বিভিন্ন সমস্যায় পড়া সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, আমি চাই রাকসু নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পছন্দের যোগ্য প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। ভোটের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, নাঈম হোসেনের প্রার্থিতা রাকসু নির্বাচনে এক ইতিবাচক বার্তা বহন করছে। তার অংশগ্রহণ দেখাচ্ছে, শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সামাজিক নেতৃত্ব ও দায়িত্ব পালনে বাধা নয়। আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এ নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ