, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি রবিবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনের অদুরে লাইনচ্যুত হয়। ফলে উত্তরবঙ্গের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রখালী চক রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রেলযাত্রী ও আক্কেলপুর স্টেশন মাস্টার সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন রবিবার রাতে সান্তাহার জংশন স্টেশন ছেড়ে এসে আক্কেলপুর স্টেশনে পৌঁছার আগে রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ভদ্রখালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন অকেজো ছিল। ফলে লাইনচ্যুত হয়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে যায় বগিটি।
হঠাৎ লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই ছুটে আসে আশপাশের মানুষজন। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। খবর পেয়ে রেল কর্মকর্তাগন ঘটনাস্থলে আসেন পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বেশ কয়েকজন রেলযাত্রী অভিযোগ করেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।
ট্রেনযাত্রী আব্দুল খালেক বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তখন থেকেই এখানে অবস্থান করছি। এলাকাবাসী ফিরোজ আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেল লাইনে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রখালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এরপর সকাল সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের উদ্দেশ্য রওয়ানা হলে সারা দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুরে লাইনচ্যুত হয়। এ ঘটনায় পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। এতে প্রায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।