বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রাতের অন্ধকারে ব্যক্তি মালিকানা জায়গা থেকে গাছ চুরি করে কেটে নিয়েছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের রওশন জামিলের পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন থেকে ফলদ ও বনজ গাছের বাগান রয়েছে। সম্প্রতি ওই জায়গা নিয়ে প্রতিবেশি রফিকুলের সাথে বেশ কিছুদিন থেকে বিবাদ চলে আসছে।
গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই বাগান থেকে একটি বড় ইউক্যাপিলস্টাস গাছ দুবৃত্তরা কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা হবে। ধারণা করা হচ্ছে এ বিবাদের জের ধরেই ওই বাগান থেকে গাছ চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শুক্রবার ৫ সেপ্টেম্বর বাগান মালিক রওশন জামিল আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। চুরি যাওয়া গাছটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পারচালনা করা হচ্ছে।