গোদাগাড়ীর অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

প্রেমতলী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী থেকে ৭ম শ্রেণির স্কুল ছাত্রীকে অপহরণকারী মূলহোতা সহ দুইজনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে ঢাকার দক্ষিণখান হতে উদ্ধার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকারী মূলহোতা হামিম ও তাজু শেখকে গ্রেপ্তার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার চর আমতলা গ্রামের তাজু শেখের ছেলে হামিম (২২) ও মৃত আলেকের ছেলে তাজু শেখ (৬৫)।
র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজ ভিকটিম গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে ১নং বিবাদী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত আসা যাওয়ার পথে ভিকটিমকে নানাভাবে বিয়ের প্রলোভন সহ কু-প্রস্তাব দিত এবং পথে-ঘাটে নানাভাবে উত্যক্ত করত। এ বিষয়ে ১নং আসামিকে নিষেধ করা সত্ত্বেও না শুনে ভিকটিমকে ক্ষতি করার পায়তারা করতে থাকে।
গত ১৭ আগস্ট বেলা ১১টার দিকে ভিকটিম বাড়ী হতে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানার চরআষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রাম পাকা রাস্তার উপর পৌছালে ১নং বিবাদী সহ অপর বিবাদীদের সহায়তায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, উক্ত আসামিকে গ্রেপ্তার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫ | সময়: ৭:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর