সর্বশেষ সংবাদ :

মান্দায় পুলিশি অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ জব্দ

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পল্লির চিহ্নিত মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় মদ ও সংশ্লিষ্ট উপকরণ। পরে সেগুলো জনসমক্ষে ধ্বংস করে ফেলা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন জানান, সম্প্রতি ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ তৈরির কারবার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। ডলি ঋষি ও তার স্বামী সুমন ঋষির পাশাপাশি অখিল, দুলাল ও বীরেন ঋষিসহ আরও অনেকে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন। বিষয়টি পুলিশের নজরে আনলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালিত হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় এগুলো ধ্বংস করা হয়।’
তিনি আরও জানান, ভারশোঁ ঋষি পল্লিকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর সহায়তায় শিগগিরই মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


প্রকাশিত: September 5, 2025 | সময়: 7:41 am | সুমন শেখ