নাটোরে একসাথে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে দলের শৃংখলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার দায়ে জেলার আটটি পৌরসভা ও কয়েকটি উপজেলা পর্যায়ের আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন পর্যায়ের ৫৭ জন নেতাকে এক সাথে শোকজ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার রাতে পাঠানো এই শোকজ নোটিশে আগামী তিন দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সাথে দলীয় কার্যালয়ে সাক্ষাত করে জবাব দিতে বলা হয়েছে।
শোকজকৃতরা হলো, নাটোর সদর উপজেলা আহবায়ক আফরোজ তালুকদার, যুগ্ম আহবায়ক আসলাম শেখ ও জাহিদুল ইসলাম। গুরুদাসপুর উপজেলা যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম, হাবিরুর রহমান লিটন, সিংড়া উপজেলা যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সুলতালুন আরেফিন কাজল, আকরামুল ইসলাম রনি ও রেজাউল করিম বাবু।
নলডাঙ্গা উপজেলা যুগ্মআহবায়ক মিজানুর রহমান জসিম, জনি হোসেন, রফিক উদ্দিন ও মাসুদ রানা।
এ ছাড়া নাটোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পাঁচ যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর পৌরসভার পাঁচ যুগ্ম আহবায়ক, নলডাঙ্গা পৌরসভার সাত যুগ্ম আহবায়ক, সিংড়া পৌরসভার পাঁচ যুগ্ম আহবায়ক, গোপালপুর পৌরসভার আহবায়ক জাহাঙ্গীর হোসেন সহ সাত যুগ্ম আহবায়ক, বনপাড়া পৌরসভার তিন যুগ্ম আহবায়ক এবং বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সহ সাত যুগ্ম আহবায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সকালে শোকজের বিষয়ে জানতে চাইলে নাটোর সদর উপজেলা আহবায়ক আফরোজ তালুকদার বলেছেন, জেলার পক্ষ থেকে তাকে কোন দাওয়াত দেওয়া হয় নাই। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমার বন্ধু তিনি শুধু বলেছে কয়েকটি ইউনিয়নের জনশক্তিকে বলে দাও সময়মতো প্রোগ্রামে আসার জন্য।
শোকজের বিষয়ে বড়াইগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক সুলতালুন আরেফিন কাজল বলেছেন, কেন্দ্রীয় সভাপতির এই অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্যই জরুরী ছিল। কিন্তু ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করায় সেদিন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি তার নিজের জন্যই দুঃখজনক। তারপরও যেহেতু তাকে শোকজ করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে জেলা কার্যালয়ে হাজির হয়ে তিনি শোকজের জবাব দিবেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ