বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টি পদ্মা কনভেনশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাচনী সূত্রে জানা গেছে, মোট ৩৪৫ ভোটের মধ্যে ২২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন এবং ১০টি ভোট বাতিল হয়। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
ভোট গণনা শেষে নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আল আমিন সরকার টিটু। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়েছেন আসিফ আলী মিঠু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুর রউফ দিলিপ এবং সড়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান সুজন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে আজিজুল রহমান, সহ-সাধারণ সম্পাদক হেলাল হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক কোরবান আলী এবং অর্থ সম্পাদক পদে মোশাদ্দিকুর রহমান সাকিল নির্বাচিত হয়েছেন।
সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী এশা। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার রোকনুজ্জামান আলম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা মামুন ও ইফতেখারুল ইসলাম ডনি। নির্বাচন পর্যবেক্ষণ করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অধ্যাপক এমএ মালেক এবং নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন সচিব মাসুদুর রহমান লিটন।