টুলে বসে চুল কাটা : হারিয়ে যাওয়া এক গ্রামীণ ঐতিহ্যের গল্প

ইবতিদা ফেরদৌস: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মধইল হাঁট। ভোর থেকে জমে ওঠা এই হাঁটের ভিড়ের ভেতরেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। দোকানপাট, শাকসবজির স্তূপ, গবাদি পশুর হাটডাক, মাটির হাঁড়িপাতিলের ঠকঠক শব্দের পাশে বসে আছেন এক নাপিত। তাঁর সামনে একটি পুরোনো কাঠের টুল। সাপাহার-পত্নীতলা রাস্তার পাশে টুলে বসে একজন কৃষক মাথা নিচু করে আছেন, আর ক্ষুর আর কাঁচি হাতে চুল কাটছেন নাপিত।
একসময় এ দৃশ্য গ্রামবাংলার হাটে খুবই সাধারণ ছিল। হাটে গিয়ে শুধু কেনাকাটা নয় চুল কাটা, দাড়ি ছাঁটা, আড্ডা আর গল্পগুজব ছিল গ্রামের মানুষের এক অনিবার্য রীতি। কেউ গরু বেচতে এসে ফাঁকে চুল কাটাত, কেউবা বাজারের শেষে বসে দাঁড়ি কামাত। টুলে বসে চুল কাটা ছিল গ্রামীণ জীবনের এক অনন্য অংশ, যা একই সঙ্গে ছিল সহজ-সরল, আবার আনন্দঘনও।
আজ সেই ঐতিহ্য ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আধুনিকতার স্পর্শে গ্রামীণ সমাজেও বদল এসেছে। শহুরে ধাঁচের সেলুন এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। বড় আয়না, প্লাস্টিকের চেয়ার, ফ্যান আর সাজানো কাঁচি-ক্ষুরের দোকান যেন মানুষের রুচি বদলে দিয়েছে। ফলে টুলে বসে খোলা আকাশের নিচে চুল কাটার দৃশ্য প্রায় হারিয়েই গেছে।
তবুও মধইল হাঁটে এখনও সেই চিত্রের দেখা মেলে। হাঁটের ভিড়ের মাঝে কাঠের টুলে বসা মানুষ আর তার মাথার উপর ঝুঁকে থাকা নাপিত যেন সময়কে পিছিয়ে নিয়ে যায়। চারপাশের কোলাহল আর নাপিতের কাঁচির খচখচ শব্দ মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত সুর, যা সহজেই গ্রামীণ জীবনের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।
এই ঐতিহ্য শুধু চুল কাটা বা দাড়ি ছাঁটার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ছিল মানুষের মিলনমেলা। টুলে বসে থাকা অবস্থায় চলত গ্রামীণ আড্ডা কেউ রাজনীতির গল্প তুলত, কেউ বা বলত নতুন কোনো গান। পাশ দিয়ে যাওয়া মানুষ দাঁড়িয়ে দু-চার কথা বলে যেত। ছোট্ট এই আড্ডাই ছিল গ্রামীণ সমাজের এক সামাজিক বন্ধনের প্রতীক।
আজকের দিনে সেই দৃশ্য আর সহজে চোখে পড়ে না। কিন্তু মধইল হাঁটের কোণে সুনীল ঘোষের টুল যেন আমাদের মনে করিয়ে দেয় আধুনিকতার ঝলমলে আয়নার ভেতরেও গ্রামের আত্মা লুকিয়ে আছে সহজ-সরল জীবনের ঐতিহ্যে। তিনি যেন শুধু একজন নাপিত নন, বরং সময়ের সাক্ষী।
একটু সময় নিয়ে যদি মধইল হাঁটে দাঁড়ানো যায়, তবে বোঝা যায় ঐতিহ্য হারিয়ে গেলেও তার ছাপ এখনও বেঁচে আছে। টুলে বসা নাপিত, কাঁচির শব্দ আর গ্রামীণ হাঁটের আড্ডা সব মিলিয়ে এটি শুধু একটি ছবি নয়, বরং আমাদের অতীত জীবনের গল্প, যা আজও মধইল হাঁটে টিকে আছে এক নিঃশব্দ প্রতীকে।
হারিয়ে যাওয়া এক গ্রামীণ


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫ | সময়: ৩:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ