, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে চোর সন্দেহে নবীর আলী (৫৩) নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপাল দিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবীর আলী (৫৩) রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা ও দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী গ্রামের জামাই।
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধী সন্দেহ হলে এলাকাবাসী আটক করে। এসময় তাকে চোর সন্দেহে গণধোলাই দিয়ে ফেলে চলে যায়। পরে ঘটনাস্থলেই মারা যায় নবীর আলী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও চুরি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল। তার বাড়িও ওই গ্রামে নয়। এছাড়া একই রাতে ওই গ্রামেই চুরি হওয়ায় সবাই ক্ষিপ্ত ছিল সেই আক্রোশে জনগণ পিটুনি দেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুুব রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।