সর্বশেষ সংবাদ :

বছর ঘুরতেই শহীদ সাজিদের বাবার মৃত্যু, সন্তানের পাশেই সমাহিত

টাঙ্গাইল প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার ২৪ আগস্ট সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রোববার সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ী টাঙ্গাইলে ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়। ধনবাড়ী উপজেলার সাবেক বীরতারা (বর্তমান বানিয়াজান) ইউনিয়নের বি,বি,জি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে বিলকুকরী গ্রামের তার ছেলে শহীদ ইকরামুল হক সাজিদের কবরের পাশেই তার লাশ দাফন করা হয়।
জিয়াউল হক বেশকিছুদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৩ আগস্ট তার অস্ত্রোপাচার করা হয়। তারপর থেকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। জিয়াউল হক চাকরিজীবনে বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএর শিক্ষার্থী ছিলেন। শহীদ সাজিদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
রোববার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক ঐক্য পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের নেতৃবন্দসহ ব্যবসায়ী এবং ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান গভীর শোক প্রশাক করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


প্রকাশিত: August 25, 2025 | সময়: 2:15 am | সুমন শেখ