বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: ঋণের দায়ে রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর এক টার দিকে তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আহাদ আলী (৩০)। তিনি বিলশহর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আহাদ আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলন। সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন তিনি। এরই জের ধরে হতাশা থেকে রবিবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার সংসারে স্ত্রী ও ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
ইউপি সদস্য হাসান বলেন, আহাদ আলীর বউ থাকে ঢাকায়। পারিবারিক দ্বন্দ্বে রয়েছে। এবং কিছু এনজিও থেকে ঋণ নেওয়া আছে। ছেলে হিসেবে সে ভালো ছিল। এনজিওর ঋণ এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে সে আত্মহত্যা করেছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য রামেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজশাহীর পবায় ঋণের দায়ে এক ভ্যানচালক নিজের স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন। এরপর জেলার মোহনপুরেও ঋণের দায়ে আত্মহত্যা করেন আরেক কৃষক। সবশেষ রবিবার তানোরে ও আরেকজন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটলো।