পুঠিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নং ওয়ার্ড জামায়াতের আমির ও সম্ভাব্য ইউপি মেম্বার পদপ্রার্থী শমসের আলীর বিরুদ্ধে কিশোরীকে প্রলোভন দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলপুকুরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে আভিযোগের পর থেকে লাপাত্তা হয়েছেন জামায়াত নেতা শমসের আলী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলার দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে দোমাদী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসী মানববন্ধন করে এ ঘটনার বিচার দাবী করেছেন।
মানববন্ধনে রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট শুক্রবার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন জিনিস ও টাকার লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জামায়াত নেতা শমসের আলী। তার মতো এমন কাজ যেন আর কেউ না করতে পারে এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা এই মানববন্ধন থেকে। মানববন্ধনে উপস্থিত স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবি এমন শিশু ধর্ষণের চেষ্টাকারি শমসেরকে দ্রুত আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
ভুক্তভোগী পরিবার জানায়, এর আগেও শমসের আলী একই ধরনের অপচেষ্টা চালিয়েছে। বিষয়টি জানাজানি হলে গত ২০ আগস্ট বুধবার বিকেলে গ্রাম্য সালিশের আয়োজন করা হলেও সে উপস্থিত হয়নি। পরে রাত ১০টার দিকে কিশোরীর বাবা পুঠিয়া উপজেলার বেলপুকুর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর শমসের আলী সপরিবারে এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
জামায়াতে ইসলামীর বেলপুকুর থানা আমির মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর আমরা থানায় গিয়েছিলাম এবং জেলা আমিরকে অবগত করেছি। তদন্ত কমিটি গঠন করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে তদন্তের জন্য অফিসার পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ | সময়: ৪:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ