সর্বশেষ সংবাদ :

বিভিন্ন কোম্পানীর লেবেলে নকল শিশু খাদ্য জব্দ

রানা হামিদ, বদলগাছী: নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কোম্পানীর লেবেল ব্যবহার করে প্যাকেটজাত নকল শিশু খাদ্য তৈরি করার অভিযোগে লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই নওগাঁর অভিযোগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার পয়নারী গ্রামে জনৈকা আইভি খানমের বাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেখানে লক্ষাধিক টাকা মূল্যে প্যাকেটজাত নকল শিশু খাদ্য ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। সেই সাথে বিভিন্ন কোম্পানীর নামে নকল লেবেল হাইস্পোর্টস ১ বক্স, কোয়ালিটি সেভেন আপ ২ রিল, রোবো ২.৫ রিল, হাইস্প্রিড ২ রিল, ম্যাংগো ৪ রিল লেবেল উদ্ধার করা হয়।
জানা যায়, জনৈকা আইভি খানমের বাসায় অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে উদ্ধারকৃত লেবেল ব্যবহার করে নকল প্যাকেটজাত শিশু খাদ্য তৈরি করে দীর্ঘদিন যাবত বাজারজাত করে আসছিল। সম্প্রতি মাতাজি হাটে প্রাণ কোম্পানীর এক কর্মী নকল রোবো সনাক্ত করে। পরে বিষয়টি নওগাঁ বিএসটিআই কে অবগত করলে বিএসটিআই ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন জানান, উপজেলার পয়নারী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং সেই সাথে আইভি খানমের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


প্রকাশিত: August 21, 2025 | সময়: 2:41 am | সুমন শেখ