বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার:
রাজশাহীতে জেএফএ কাপ নারী ফুটবলের আাঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল হেসেখেলে স্বাগতিক রাজশাহী জেলা দলকে লজ্জায় ডুবিয়ে ৮-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের প্রায় প্রতিটি ম্যাচেই ছিল হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি। ফাইনাল ম্যাচও এর ব্যতিক্রম ছিল না।
ম্যাচের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা দল রাজশাহী জেলা দলের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে এবং নিয়মিত বিরতিতে গোল করতে থাকে। শেষ পর্যন্ত ৮ গোলে গিয়ে থামে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের খেলোয়াড়রা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের সোমা পারভিন হ্যাটট্রিকসহ একাই ৪ টি গোল করেন। এছাড়া মনিরা করেন ২টি গোল। সুজিতা ও আফরিন ১ টি করে গোল করেন। ম্যাচ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি নামে। এতে পুরস্কার বিতরণে ব্যাঘাত ঘটে।
জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৬টি দল নিয়ে দু’টি গ্রুপে শনিবার (১৬ আগস্ট) বিকেলে শুরু হয় জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের রাজশাহী ভেন্যুর খেলা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো নাটোর, নওগাঁ,চাঁপাইনবয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও স্বাগতিক রাজশাহী।
গতকাল ফাইনাল শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এসময় রাজশাহী জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু,বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ওমেন্স কমিটির প্রতিনিধি নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।