, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজার রহমানের (৭০) সাথে তার ভাতিজা বাবু এবং আব্দুল আলিমদের বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে।
১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় আজিজুর রহমান তার ভোগদখলীয় জমিতে বেড়া দিচ্ছিলেন। এ সময় তার ভাতিজা সহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায় ভাতিজা বাবু ও আব্দুল আলিম তার লোকজন সহ লাঠিপেটা করে চাচা আজিজার রহমানকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়।
এদিকে আত্রাই থানার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে নিহতের ভাতিজা তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেফতার করে।
আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, জমি বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।