সর্বশেষ সংবাদ :

অবৈধ পলিথিন বিরোধী অভিযান চার দোকান ও এক কারখানায় জরিমানা

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ ও বিক্রয় বন্ধে রাজশাহীতে আবারও পরিচালিত হলো বিশেষ অভিযান। সোমবার সকালে রাজশাহী জেলার হড়গ্রাম বাজার ও হরিয়ান বাজার এলাকায় মোবাইল কোর্টের এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ও বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। এসময় প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক নীল রতন সরকার। র‌্যাব-৫ এ নেতৃত্ব দেন মেজর আসিফ আল রাজেক।
অভিযানকালে চারটি দোকান থেকে মোট ২ হাজার ৯৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট দোকান মালিক ও কারখানা মালিককে পলিথিন মজুদ, বিক্রয় ও উৎপাদনের অপরাধে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন বলেন,“অবৈধ পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি কৃষিজমির উর্বরতা নষ্ট করে, পানি প্রবাহ ব্যাহত করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পলিথিনের সহজলভ্যতা ও কম খরচের কারণে এখনো অনেক দোকানদার ঝুঁকছেন এদিকে। তবে নিয়মিত অভিযানের ফলে তারা বিকল্প হিসেবে কাপড় ও জুটের ব্যাগ ব্যবহারে আগ্রহী হচ্ছেন। পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।
উল্লেখ্য, সরকার ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। তারপর থেকে নিয়মিত অভিযান পরিচালিত হলেও কিছু অসাধু ব্যবসায়ী এখনো গোপনে পলিথিনের উৎপাদন ও বিক্রি চালিয়ে যাচ্ছে। পরিবেশবিদদের মতে, পলিথিনের কারণে শুধু শহর নয়, গ্রামীণ জনপদেও নালা-ড্রেন ভরে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পলিথিন মাটির সঙ্গে মিশে কৃষিজমির উৎপাদনশীলতা নষ্ট করছে এবং পশুপাখির খাদ্যের সঙ্গে মিশে তাদের জীবনহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।


প্রকাশিত: August 19, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ