সর্বশেষ সংবাদ :

আদিবাসী নেতা আলফ্রেডকে স্মরণ করলো রাজশাহীর রক্ষাগোলা সমন্বয় কমিটি

স্টাফ রিপোর্টার: আদিবাসী ভূমি অধিকার সংগ্রামের অগ্রনায়ক আলফ্রেড সরেন স্মরণে শহীদ দিবস পালন করা হয়েছে। সোমবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং সিসিবিভিও’র সহযোগিতায় নওগাঁর মহাদেবপুরের ভীমপুরে দিবসটি পালন করা হয়।
রাজশাহীর রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ ও সিসিবিভিও কর্মীরা শহীদ আলফ্রেড সরেনের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
সিসিবিভিও কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদার সঞ্চালনায় বক্তব্য দেন, সিসিবিভিও’র সভাপতি অধ্যাপক আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন, রক্ষাগোলা মডেলের সমন্বয়কারী আরিফ ইথার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারওয়ার সুজন প্রমুখ। এসময় তারা আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে স্মরণ করেন।
প্রসঙ্গত, ২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর ভিমপুর গ্রামে প্রায় ৪৬০ বিঘা জমি নিয়ে সাঁওতাল ও প্রভাবশালীদের ভেতর এক ভূমি-বিবাদ তৈরী হয়। এরই সূত্র ধরে ওইদিন নওগাঁ-মহাদেবপুর সড়কের চৌমাসিয়ার মোড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আদিবাসীরা। সমাবেশ শেষে আলফ্রেড নিজের বাড়ি ফিরলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তার বোন ও মেয়ে দূরে নিরাপদ আশ্রয়ে থাকায় বেঁচে যান। তবে তার স্ত্রী জোছনার চোখ জখম হয়। এ নিয়ে দেশ্যব্যাপী তোলপাড় শুরু হয়।


প্রকাশিত: August 19, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ

আরও খবর