সর্বশেষ সংবাদ :

রাবিতে ছাত্রলীগকর্মী হলেন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক কর্মী ছাত্রদলের শাহ মখদুম হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ছেলেদের ১১টি হলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
কমিটির তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। তিনি একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা যায়। এছাড়াও ততকালীন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের সাথে তার ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে। ছবিতে দেখা যায় শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীর সাথে গালিবের পাশে দাঁড়িয়ে আছেন তিনি।
এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা যে অভিযোগের কথা বলছেন এ সম্পর্কে আমার কিছু জানা নেই। আমাকে হেয় করার জন্য এটা একটা পক্ষের অপপ্রচার মনে হচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ছাত্রলীগের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়েছে এমন কোনো প্রমাণ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। তবে এর বাইরে এমনি ছবি থাকতেই পারে, এটার ভিত্তিতে যদি ব্যবস্থা নিই তাহলে বেইনসাফি হয়ে যাবে।’


প্রকাশিত: August 18, 2025 | সময়: 4:08 am | সুমন শেখ